Largest and fastest growing business Portals
Tweet
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে মূল ফটকের কাজ শেষ। ভেতরে ইট-বালুর স্তূপ। সেই ইট বিছিয়ে হাঁটার পথ নির্মাণ চলছে। প্যাভিলিয়ন ও স্টলের অবকাঠামো নির্মাণ শেষ। তবে অধিকাংশের সাজসজ্জার কাজ প্রাথমিক পর্যায়ে।
রাজধানীর শেরেবাংলা নগরে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) প্রস্তুতি দেখতে গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে এমন চিত্রই চোখে পড়ল। পুরো মাঠেই ইট, বালু, কাঠ, বোর্ডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে আছে। নির্মাণশ্রমিকদের কর্মব্যস্ততা ও হাঁকডাকে পুরো এলাকা সরগরম।
অন্যবারের মতো এবারও মাসব্যাপী বাণিজ্য মেলা ১ জানুয়ারি শুরু হচ্ছে। রোববার মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে মেলাটির আয়োজন করছে। মেলায় এবার বিভিন্ন ধরনের প্যাভিলিয়ন ও সাধারণ স্টল বরাদ্দ নিয়েছে ৫৫৫টি।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল, ওয়ালটন, হাতিল ফার্নিচার, আকতার ফার্নিচার, প্রাণ-আরএফএল, যমুনার মতো বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন করছে। এসব বড় প্রতিষ্ঠানের প্যাভিলিয়নের কাজ বেশ এগিয়েছে। তবে অধিকাংশ সাধারণ স্টলের কাজ প্রাথমিক পর্যায়ে।
এদিকে, মেলার সামনের পার্কিংয়ের কাজ চলছে। টিকিট কাউন্টার নির্মাণ শেষ পর্যায়ে। ভেতরের অবকাঠামো নির্মাণ এখনো শেষ হয়নি। ভেতরে হাঁটার পথ তৈরির জন্য ইট বিছানোর কাজ চলছে। অনেক প্যাভিলিয়ন ও স্টলের সামনে যাওয়ার পথ তৈরি হয়নি।
বাণিজ্য মেলার সদস্যসচিব রেজাউল করিম বলেন, ‘সব কাজ শনিবারের মধ্যে শেষ হয়ে যাবে। প্যাভিলিয়ন তৈরির জন্য বড় বড় ট্রাক পণ্য নিয়ে মেলায় ভেতরে আসে। তাই কিছু জায়গার হাঁটার পথ শেষ মুহূর্তে করা হয়।’
তথ্যসূত্র : প্রথমআলো
Leave a Comment