৫০৮ কোটি টাকার লেনদেন : দেড় মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

৫০৮ কোটি টাকার লেনদেন : দেড় মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

হরতালে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীর উপস্থিতি কম হলেও দেশের শেয়ারবাজারে লেনদেন বাড়ছে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৫০৮ কোটি টাকা। গত দেড় মাসের মধ্যে এটিই ডিএসইর সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ডিএসইতে সর্বোচ্চ ৫২৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।
বিশ্লেষকরা জানান, হরতালের কারণে বিনিয়োগকারীর উপস্থিতি কম হলেও ফোনের মাধ্যমে লেনদেনে অংশ নিচ্ছেন তারা। বেশ কিছু ব্রোকারেজ হাউসে অনলাইন ট্রেডিং সুবিধা চালু রয়েছে। ফলে লেনদেনে অংশ নেয়ার জন্য এখন আর আগের মতো ব্রোকারেজ হাউসে উপস্থিত হওয়ার প্রয়োজন হয় না। গত কয়েকদিন ধরে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়ে যাওয়ার কারণে বিকল্প উপায়ে বিনিয়োগকারীরা লেনদেনে অংশ নিচ্ছেন। উপরন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় ভূমিকা পালন করছে। এ কারণে শেয়ারবাজারে লেনদেন বাড়ছে। তবে, সাময়িকভাবে কিছুটা গতি ফিরে এলেও রাজনৈতিক অঙ্গনে বিরাজমান অস্থিরতা দূর না হলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে তারা মনে করছেন।
এদিকে, গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দরবৃদ্ধির পর সূচক কমেছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি হলেও মূলত ব্যাংকিং খাতের অধিকাংশ কোম্পানির দর কমে যাওয়ায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক (ডিএসইএক্স) ৪৬ পয়েন্ট কমেছে। দিনশেষে সূচক ৪ হাজার ১৯৮ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৮টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ১২৪টি কোম্পানির দর এবং অপরিবর্তিত ছিল ২০টি কোম্পানির দর। আগের দিনে দর বৃদ্ধি ও লেনদেনে ব্যাংকিং খাতের প্রাধান্য থাকলেও গতকাল দরবৃদ্ধিতে বস্ত্র খাতের প্রাধান্য ছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সকালে সূচকের বৃদ্ধি দিয়ে লেনদেন শুরুর পর থেকেই ব্যাংক খাতের কোম্পানিগুলোর দর বাড়তে থাকে। কিন্তু এক পর্যায়ে খাতটির বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে থাকে। ফলে দিনশেষে খাতটির তিনটি ছাড়া সবকটিরই দর কমেছে। মূলত খাতটির দরপতনের কারণেই সূচক ব্যাপক ওঠানামা করতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ১৯৮ পয়েন্টে। মোট ১ শতাংশ হারে সূচক কমেছে। মূল সূচক কমলেও সেখানকার বাছাই সূচকের কোনো পতন ঘটেনি। ডিএসই-৩০ সূচকটি আগের দিনের ১ হাজার ৪৩৬ পয়েন্টেই রয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানিগুলো হলো : আর এন স্পিনিং, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইউনাইটেড এয়ার, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি, আর্গন ডেনিমস এবং সিটি ব্যাংক।

http://www.amardeshonline.com/pages/details/2013/11/12/224248#


About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment