শেয়ারবাজারে ইতিবাচক মোড়

শেয়ারবাজারে ইতিবাচক মোড়

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সংলাপের জন্য প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সরকারি দল আওয়ামী লীগের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর খবরের ইতিবাচক প্রভাব পড়েছে দেশের দুই শেয়ারবাজারে। গতকাল প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া ৮৭ শতাংশ এবং অপর শেয়ারবাজার সিএসইতে লেনদেন হওয়া ৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এমনকি বিএনপির ওই চিঠি চলমান রাজনৈতিক সংকট উত্তরণের পথে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে_ বিনিয়োগকারীদের মনে এমন আশার সঞ্চার হয়েছে বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
সিএসই সভাপতি আল-মারুফ খান বলেন, রাজনৈতিক সংকটাবস্থাই দেশের চলমান অর্থনৈতিক এবং শেয়ারবাজারের সংকটের প্রধান কারণ। এখন এ সংকট উত্তরণের জন্য বিরোধী পক্ষগুলোর যে কোনো উদ্যোগেই অর্থনীতিতে ভালো প্রভাব ফেলবে। তবে অর্থনীতিতে এর প্রভাব দৃশ্যমান হতে সময় লাগলেও শেয়ারবাজারে তাৎক্ষণিক ভালো ফল পাওয়া যাবে।
এদিকে সংকট সমাধানে সামান্য আশা জাগতেই গতকাল দেশের দুই শেয়ারবাজারে আবারও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর ব্যাপক দর বেড়েছে। ডিএসইতে এদিন অন্তত ২৮ কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। দিনের চার ঘণ্টার লেনদেন সময়ের মধ্যে শেষ ঘণ্টায় এর অন্তত ২১ কোম্পানির শেয়ারের বিপুল ক্রয় আদেশ থাকা সত্ত্বেও বিক্রেতা ছিল না। বিনিয়োগকারীদের আশা, এসব কোম্পানির শেয়ারদর আরও বৃদ্ধি পাবে। অথচ গত রোববার পুরো সময় ও সোমবার সকালে এসব কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের বেঁধে দেওয়া সর্বনিম্ন দরে কেনাবেচা হয়েছিল।
এসব কোম্পানির পাশাপাশি ঈদের ছুটির পর গত রোববার সিংহভাগ শেয়ারের দরপতন হয়েছিল। সোমবারও প্রায় সব শেয়ারের ব্যাপক দরপতন দিয়ে দিনের লেনদেন শুরু হয়। কিন্তু লেনদেনের দ্বিতীয়াংশে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবি সিকিউরিটিজ প্রায় ২২ কোটি টাকা মূল্যের শেয়ার ক্রয় করলে দরপতন বন্ধ হয়। বিপরীতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর সামান্য বৃদ্ধি দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছিল।
লেনদেন সংক্ষেপ : গতকাল ডিএসইতে ২৮৬ কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ড কেনাবেচা হয়েছে। এরমধ্যে ২৪৮টিরই দর বেড়েছে, কমেছে মাত্র ২২টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দর। এ ছাড়া সিএসইতে লেনদেন হওয়া ২০১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬১টির দরবৃদ্ধির বিপরীতে কমেছে ২৩টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দর। এতে ডিএসইর ডিএসই-এক্স সূচক পৌনে ৫১ পয়েন্ট বা ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৩৮১৪ পয়েন্টে উঠেছে। আর সিএসইর নির্বাচিত খাত মূল্য সূচক বেড়েছে প্রায় ১০২ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৭৪৬৩ পয়েন্টে ্উঠেছে।
দুই বাজারে লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দরবৃদ্ধির পাশাপাশি উভয় বাজারের শেয়ার কেনাবেচার পরিমাণ আগের দিনের থেকে সাড়ে ২১ কোটি টাকা বেড়ে ২০৫ কোটি ৫১ লাখ টাকায় উন্নীত হয়েছে। এরমধ্যে ডিএসইতে ১৮৮ কোটি ৮৩ লাখ টাকার এবং সিএসইতে ১৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment