শেষ দিকে অধিকাংশ শেয়ারের দর বাড়লেও কমেছে সূচক

শেষ দিকে অধিকাংশ শেয়ারের দর বাড়লেও কমেছে সূচক

রোববারের বড় দরপতনের পর গতকাল সোমবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। এমনকি আগের দিনের তুলনায় প্রায় ৬২ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা বৃদ্ধি পেয়েছে। তবে বৃহৎ মূলধনী কয়েকটি কোম্পানির শেয়ারদর কমায় সূচক কমেছে সামান্য।
এদিকে লেনদেনের শেষটা ইতিবাচক ধারায় সম্পন্ন হলেও দিনের শুরুটা হয় ভীতি জাগিয়ে। রোববারের মতো ব্যাপক দরপতনের মধ্য দিয়ে গতকালও দিনের লেনদেন শুরু হয়েছিল। লেনদেনের প্রথম ঘণ্টায় ৯টি ছাড়া সবগুলো কোম্পানির শেয়ারের বড় দরপতন হয়। অব্যাহত দরপতনের মুখে সকাল ১১টা ৫০ মিনিটে ডিএসই-এক্স সূচক আগের দিনের চেয়ে ৮২ পয়েন্ট কমে ৩৬৮৯ পয়েন্টে নেমে যায়। এ অবস্থায় রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা আইসিবি থেকে শেয়ার কেনা শুরু হলে ক্রয় চাহিদা বাড়লে দরপতন বন্ধ হয়।
শেষ পর্যন্ত প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রায় ৫৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে কমেছে ৩৩ শতাংশের। অন্য শেয়ারবাজার সিএসইতে লেনদেন হওয়া ৪৭ শতাংশের দর বৃদ্ধির বিপরীতে দর হারানো অব্যাহত ছিল ৪০ শতাংশ শেয়ারের। কিন্তু ডিএসই-এক্স সূচক প্রায় ৮ পয়েন্ট কমে ৩৭৬৪ পয়েন্টের কিছুটা নিচে নেমেছে এবং সিএসইর নির্বাচিত খাত মূল্যসূচক ৭ পয়েন্ট কমে নেমেছে ৭৩৬১ পয়েন্টে।
এ ছাড়া আগের দিনের উভয় শেয়ারবাজারে যেখানে ১২২ কোটি ৪৭ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল, গতকাল তা বেড়ে ১৮৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। এর মধ্যে ডিএসইতে ১৬৭ কোটি ১২ লাখ টাকার এবং সিএসইতে ১৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
এ অবস্থায় গতকাল উল্লেখযোগ্য কোম্পানির শেয়ারে ব্যাপক উত্থান-পতনও ছিল লক্ষণীয়। বিশেষ করে দিনের লেনদেনের শুরুতে অন্তত ৭টি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বনিম্ন দরে কেনাবেচা হয়। লেনদেনের শেষাংশে এর ৬টিসহ মোট ১৩ কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়।
ডিএসইর লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, অন্তত ১৪টি কোম্পানির শেয়ারে যে সর্বোচ্চ ও সর্বনিম্ন দরে কেনাবেচা হয়েছে, তার ব্যবধান আগের দিনের ক্লোজিং প্রাইসের ১৫ থেকে ২০ শতাংশ। এসব কোম্পানি হলো_ এএমসিএল (প্রাণ), আনোয়ার গ্যালভানাইজিং, বিডি অটোকার, বিচ হ্যাচারি, দেশ গার্মেন্টস, জেমিনি সি ফুডস, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার, ইনটেক অনলাইন, ইনফরমেশন সার্ভিসেস, জেএমআই সিরিঞ্জেস, জুট স্পিনার্স, লিগ্যাসি ফুটওয়্যার, শমরিতা হাসপাতাল এবং সোনারগাঁ টেক্সটাইল। এ ছাড়া ১০ থেকে ১৪ শতাংশ পর্যন্ত দর ওঠানামা করেছে ২২ কোম্পানির।
ডিএসইর খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, একমাত্র সিরামিক্স খাতের ৫ কোম্পানির শেয়ারদর কমলেও অন্য সবগুলো খাতের অধিকাংশ শেয়ারের দরই বেড়েছে। বেশির ভাগ মিউচুয়াল ফান্ডের এদিন দর বেড়েছে। আগের দিনের তুলনায় প্রায় ৫৭ কোটি টাকার লেনদেন বৃদ্ধির প্রেক্ষাপটে গতকাল ডিএসইর সবগুলো খাতেরই কম-বেশি শেয়ার কেনাবেচা বেড়েছে। এর মধ্যে ৩০ কোটি ১৫ লাখ টাকার লেনদেন দিয়ে বস্ত্র খাত ছিল খাতওয়ারি লেনদেনের শীর্ষে। এর পরের অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের ২৪ কোম্পানির পৌনে ২৫ কোটি টাকার, জ্বালানি ও শক্তি খাতের ১৫ কোম্পানির ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন।
একক কোম্পানি হিসেবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির সর্বাধিক সাড়ে ৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর পরের অবস্থানে ছিল স্কয়ার ফার্মা, আর্গন ডেনিম, জেএমআই সিরিঞ্জেস ও এনভয় টেক্সটাইল।


About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment