রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল

রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল

ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর ফলে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।
 
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় এনবিআর।
 
নিয়ম অনুযায়ী, সোমবার ছিল রিটার্ন (আয়কর বিবরণী) জমা দেওয়ার  শেষ দিন।
 
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হলো।
 
রাজস্ব বোর্ডের আয়কর নীতি বিভাগের সদস্য সৈয়দ আমিনুল করিম সমকালকে জানান, ঈদ-পূজা মিলিয়ে বেশ কিছু দিন ছুটি থাকবে। এ ছাড়া কর বিভাগের সম্প্রসারণ ও পুনর্গঠনের কারণে বেশির ভাগ কর অফিসের স্থান বা অধিক্ষেত্র পরিবর্তন হয়েছে। রিটার্ন জমার জন্য করদাতাদের প্রস্তুতির বিষয় রয়েছে। এসব বিষয় বিবেচনায় রেখেই এক মাস সময় বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
 
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআরের আয়কর অনুবিভাগের  সাম্প্রতিক পুনর্গঠনের কারণে অধিকাংশ করদাতার আয়করসংক্রান্ত অধিক্ষেত্র পরিবর্তন হয়েছে। এ ছাড়া সম্প্রতি করদাতাদের সুবিধার্থে ই-টিআইএন কার্যক্রম চালু করা হয়েছে। অনলাইনে নতুন এ পদ্ধতি সম্পর্কে অভ্যস্ত হতে আরও সময়ের প্রয়োজন হবে করদাতাদের। এসব বিষয় বিবেচনা করে করদাতাদের সুবিধার্থে ব্যক্তিশ্রেণীর আয়কর রিটার্ন জমার সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
 
এনবিআরের এক কর্মকর্তা জানান, সোমবার পর্যন্ত ২ লাখেরও কম রিটার্ন জমা পড়েছে, যা মোট রিটার্নের মাত্র ১০ শতাংশ। গত করবর্ষে রিটার্ন জমা পড়েছিল প্রায় ১২ লাখ। এর বিপরীতে সরকারি কোষাগারে কর আদায় হয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকা। এ বছর রিটার্নের সংখ্যা বাড়বে বলে আশা করছে এনবিআর। কারণ, অনলাইন পদ্ধতি সম্পর্কে করদাতাদের আগ্রহ ক্রমাগত বাড়ছে।
 
১ জুলাই চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ লাখের বেশি করদাতা অনলাইনে নিবন্ধন নিয়েছেন। এর মধ্যে নতুন ৯০ হাজার।

samakal:  অক্টোবর ০১, ২০১৩


About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment