লোকসান ঠেকাতে বহুমুখী হচ্ছে ব্যাংকের ব্যবসা
লোকসান ঠেকাতে বহুমুখী হচ্ছে ব্যাংকের ব্যবসা
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের পাশাপাশি মোবাইল ব্যাংকিং, এটিএম সেবা, অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্যের প্রসার করছে ব্যাংকগুলো।
এক সময় শুধু বড় শিল্পেই ঋণ দিতে আগ্রহ দেখাত ব্যাংকগুলো। গ্রামে শাখা খুলতেও তেমন আগ্রহ ছিল না তাদের।
তবে এখন সেই মনোভাব বদলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন ব্যাংক যেসব শাখা খুলেছে তার বেশিরভাগ খোলা হয়েছে গ্রামে।
আর বড় শিল্পের তুলনায় এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে তারা বিনিয়োগ করছে বেশি। এর বাইরে মোবাইল ব্যাংকিং, এটিএম সেবা, অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্যের প্রসার করছে ব্যাংকগুলো। মূলত লোকসান ঠেকাতে বহুমুখী হচ্ছে তাদের ব্যবসা।
গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর ২০১২ সালের আর্থিক সক্ষমতার প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ব্যাংকগুলোর প্রতি ১০০ টাকা সম্পদের বিপরীতে আয় হয়েছে মাত্র ৬০ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ৩০ পয়সা। আর ১০০ টাকা ইক্যুইটির বিপরীতে আয় দাঁড়িয়েছে মাত্র ৭ টাকা ৮০ পয়সা। আগের বছর যা ছিল ১৪ টাকা ৩০ পয়সা।
গত বছর ব্যাংকগুলোর নিট মুনাফা হয়েছে মাত্র ৪ হাজার ৪৬৬ কোটি টাকা। এর আগের বছর যা ৯ হাজার ১২১ কোটি টাকা ছিল। এতে এক বছরের ব্যবধানে তাদের নিট মুনাফা কমেছে ৪ হাজার ৬৫৬ কোটি টাকা বা ৫১ শতাংশ।
চলতি বছরের জুনের তথ্যে দেখা গেছে, পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জুন শেষে বেশিরভাগ ব্যাংকের মুনাফা আগের তুলনায় আরও কমেছে।
ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও বেসরকারি এনসিসি ব্যাংকের এমডি নুরুল আমিন সমকালকে বলেন, ভালো ব্যবসা করা সব ব্যাংকেরই অন্যতম লক্ষ্য থাকে। এক্ষেত্রে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিনিয়োগের ধারায় পরিবর্তন হওয়া স্বাভাবিক। পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে এখন বড় শিল্পের তুলনায় এসএমই খাতে সব ব্যাংকেরই ঋণ বাড়ছে।
এ ছাড়া সময়ের চাহিদা অনুযায়ী এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।
samakal: ২৯ সেপ্টেম্বর, ২০১৩
About Author
Golden Bangladesh
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment