Largest and fastest growing business Portals
Tweet
সংবাদ সংশোধিত বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসবে এনার্জিপ্যাক
সংশোধিত বুক বিল্ডিং বা নিলাম পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করেছে জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। এই পদ্ধতিতে কোম্পানিটিকে বাজারে আনার উদ্যোগ নিয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস। সংশোধিত আইনে এটি দ্বিতীয় কোম্পানি হিসেবে বাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে।
কোম্পানিটির শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণের জন্য রোড শো বা পরিচিতি সভা আহ্বান করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ সভা অনুষ্ঠিত হবে। তাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সামনে কোম্পানির বিভিন্ন তথ্য উপস্থাপন ও এ-সংক্রান্ত জিজ্ঞাসার উত্তর দেওয়া হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে পরবর্তীতে নির্দেশক মূল্য ঠিক করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিলাম পদ্ধতিতে কোম্পানিটি চার কোটি ৫৪ লাখ শেয়ার বাজারে ছাড়বে। নিয়ম অনুযায়ী, উল্লিখিত শেয়ারের ৪০ শতাংশ দর প্রস্তাবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৬০ শতাংশ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বিক্রি করা হবে।
জানা গেছে, বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছাড়ার আগে মূলধন বাড়াতে কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রায় দুই কোটি ৭৪ লাখ শেয়ার বিক্রি করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) সঙ্গে ৩৪ টাকা অধিমূল্য বা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ছিল ৪৪ টাকা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠিত হওয়ার পর বুক বিল্ডিং-সংশ্লিষ্ট আইন সংশোধন করে। এই সংশোধনীর পর এখন পর্যন্ত এই পদ্ধতিতে একটি মাত্র কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির আবেদন করেছে। কোম্পানিটি হলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এটি এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। লংকাবাংলা ইনভেস্টমেন্টস কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে।
২০১০ সালে পুঁজিবাজার ধসের আগে বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে শেয়ার ছাড়ার হিড়িক পড়ে। সে সময় এই পদ্ধতিটির ব্যাপক অপব্যবহার করা হয়। ফলে ২০১১ সালের ২০ জানুয়ারি এই পদ্ধতিটি স্থগিত করা হয়। পরবর্তী সময়ে পুনর্গঠিত কমিশন সংশ্লিষ্ট আইনটি সংশোধনের মাধ্যমে বেশ কিছু ধারা সংযোজন এবং স্থগিতাদেশ তুলে নেয়। এতে করে অনেক কোম্পানি এই পদ্ধতিতে তালিকাভুক্ত হওয়ার আগ্রহ হারায়।
Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.
Leave a Comment